তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের সমালোচনা করা সবার অধিকার। তবে রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি হলে তা কঠোরভাবে দমন করা হবে।’ তিনি সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের কথা উল্লেখ করেন।
ইয়াসের খান চৌধুরী জানান, সাইবার সুরক্ষা আইনে নারী ও শিশুর সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাইবার বুলিং এবং নারীদের বিরুদ্ধে অপপ্রচারের কারণে মানসিক বিপর্যয়ের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
আইনটি প্রণয়নের আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে জনপরামর্শ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে সচেতনতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে শিক্ষামূলক ভিডিও তৈরি করা হবে।
এই কনটেন্ট স্কুল-কলেজসহ বিভিন্ন পর্যায়ে প্রচার করা হবে এবং তথ্য অফিস ও সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।