কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন উখিয়ার পালংখালী ৮ নম্বর ওয়ার্ডের মৃত জগির আহমেদের ছেলে মো. রুবেল এবং অন্যজন টেকনাফের হোয়াইক্যং ঘিলাতলী ১ নম্বর ওয়ার্ডের আবুল হাসিমের ছেলে মো. আরমান।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, রুবেল ও আরমান মোটরসাইকেলে করে উখিয়ার পালংখালীর দিকে যাচ্ছিলেন। কেরুনতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রুবেল নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তবে পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি শনাক্ত করে আটক করেছে।