গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
নিহতদের মধ্যে একজন হলেন মহেশপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং অন্যজন নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
রাজবাড়ি রেলওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়ে জানান, মঙ্গলবার (১১ আগস্ট) খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্টেশন মাস্টার জানিয়েছেন, ট্রেনটি আধাঘণ্টা বিলম্ব হয়েছিল। ঘটনাস্থলে মশার কয়েল পাওয়া গিয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরমের কারণে নিহত দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। মরদেহ শনাক্ত করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।