ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলায় বাব আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজের তিন ক্রু নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সরকারপন্থি একটি সম্প্রচারমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আল-জুমহুরিয়া টিভি জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক। তবে হামলার শিকার জাহাজটির নাম বা মালিকানা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
এ ঘটনায় হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরের প্রবেশপথ হিসেবে গুরুত্বপূর্ণ। আরব উপদ্বীপের অপর প্রান্তে অবস্থিত হরমুজ প্রণালির বিপরীত দিকে রয়েছে এই জলপথ।