August 16, 2026, 1:44 pm

শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি, শিক্ষামন্ত্রীর সমালোচনা

শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি, শিক্ষামন্ত্রীর সমালোচনা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সভার রেজুলেশনের আলোচনার অংশবিশেষ কেটে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তিনি উল্লেখ করেন, বিষয়টি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন নয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আন্দোলন শুরু করার আগে বিষয়টি যাচাই করা উচিত ছিল। তিনি বলেন, ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না আমার কানটা রয়েছে কিনা।’ তিনি আরও জানান, মিটিংয়ের রেজুলেশনের কিছু অংশ বাদ দিয়ে খবর প্রকাশ করা হয়েছে, যা বিভ্রান্তির কারণ হয়েছে।

মন্ত্রী ২০০৪ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠার উদ্দেশ্য তুলে ধরে বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষার্থে এটি করা হয়েছিল। তিনি জানান, শিক্ষক নিয়োগে অনিয়ম ও দীর্ঘসূত্রিতা দূর করার জন্য ৯ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে এবং কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা