মতপ্রকাশের স্বাধীনতার একটি সীমা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। তিনি মঙ্গলবার (১১ আগস্ট) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
এমদাদ উল বারী বলেন, মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা সবাই বলি, তবে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। তিনি গুজব প্রতিরোধে প্রযুক্তির পাশাপাশি সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বিটিআরসি চেয়ারম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সমাজের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নানা ধরনের ভুয়া ভিডিও তৈরি হচ্ছে, যা সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও ভুয়া ভিডিও ব্যবহার করে অস্থিরতা তৈরির আশঙ্কা ছিল। এমদাদ উল বারী জানান, প্রযুক্তির মাধ্যমে গুজব বন্ধ করার চেষ্টা অব্যাহত থাকবে, তবে সমাজকেই এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।