গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের বর্তমান প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, পাঁচটি প্রদেশে ইবোলায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৮১ জন। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, দেরিতে রোগ শনাক্ত হওয়া, সংঘাত এবং স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপের কারণে এবারের প্রাদুর্ভাব আগের তুলনায় দ্রুত ছড়াচ্ছে।
এটি কঙ্গোতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব। বর্তমানে ছড়ানো বুন্দিবুগিও স্ট্রেইনের ভাইরাসের বিরুদ্ধে কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রাদুর্ভাবটিকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।
একটি গবেষণায় দেখা গেছে, কঙ্গোর ইতুরি প্রদেশে চলতি প্রাদুর্ভাবের সংক্রমণ জানুয়ারি বা তারও আগে শুরু হয়ে থাকতে পারে। জানুয়ারির মাঝামাঝি থেকে ১৫ মে পর্যন্ত সেখানে পাঁচ শতাধিক সন্দেহভাজন রোগী শনাক্ত হয়।
কঙ্গো সরকারের তথ্য অনুযায়ী, পশ্চিম আফ্রিকার ২০১৪-১৬ সালের ইবোলা প্রাদুর্ভাবের পর এটি সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া বড় প্রাদুর্ভাব। ওই সময় গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ২৮ হাজার ৬১৬ জন আক্রান্ত এবং ১১ হাজার ৩১০ জন মারা যান। বর্তমান প্রাদুর্ভাবে তিন মাসেরও কম সময়ে মৃতের সংখ্যা ২ হাজারে পৌঁছেছে।