ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য প্রকাশ করেন।
পেজেশকিয়ান জানান, সম্প্রতি সর্বোচ্চ নেতার সঙ্গে তার সাত ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে মোজতবা খামেনি জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন।
বৈঠকটিকে খুব ভালো হিসেবে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান, আবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সমস্যাগুলোও বৈঠকে আলোচনা করা হয়েছে।
চলতি বছরের মার্চে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। তবে নির্বাচনের পর থেকে তিনি প্রকাশ্যে দেখা দেননি।