ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশকে নিয়ে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, এসব অপতথ্য ও গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশ বাহিনীর নিম্নপর্যায়ের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে আগে আলোচনা হলেও এখন পুলিশ প্রধানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, যারা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল পুলিশকে বিতর্কিত করার চেষ্টা করছে এবং তাদের মধ্যে কেউ পুলিশের ভেতরে ও কেউ বাইরে থেকে এ ধরনের কার্যকলাপ চালাচ্ছে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে শামীমা পারভীন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে উন্নত এবং মানুষ নিরাপদে ঘুমাতে পারছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।