এসএসসি ও সমমনা পরীক্ষায় কৃতকার্য হতে না পারা শিক্ষার্থীদের জন্য বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি অভিভাবকদের তাদের সন্তানের আশ্রয়স্থল হওয়ার আহ্বান জানান।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বার্তা দেন মন্ত্রী। অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের দিনটি তাদের জন্য বেদনাদায়ক এবং হতাশার।
মন্ত্রী বলেন, ফলাফল শিক্ষার্থীদের পরিচয় নয়, বরং এটি পরীক্ষার নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কয়েক ঘণ্টায় তাদের খাতায় লেখার একটি হিসাব মাত্র। শিক্ষার্থীদের পরিশ্রম এবং স্বপ্নের কোনো নম্বর হয় না।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, এই মুহূর্তে সন্তানদের জন্য দরকার একটু আদর এবং স্নেহময় কথা। ঘরটিকে তাদের জন্য আদালত নয়, বরং আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিতে হবে এবং তাদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার দায়িত্ব শিক্ষকদের। তিনি বলেন, ব্যর্থতার দায় কেবল শিক্ষার্থীদের নয়, আমাদেরও।