মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১০ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়েছে।
ছাত্রদল জানায়, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ এবং তারা আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে।
বিজ্ঞপ্তিতে তরুণ প্রজন্মের রাজনীতি-সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি আশা করে, তারা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে এবং বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নতুন প্রজন্মের সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।