গাইবান্ধার সাঘাটা উপজেলায় জামায়াত কর্মী সালাউদ্দিন ও ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি বোনারপাড়া সরকারি কবরস্থানে পৌঁছান।
কবর জিয়ারতের সময় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান এবং জামায়াত কর্মী সালাউদ্দিনের বাবা শামসুল হুদা দুদুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর তিনি কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে কবর জিয়ারত সম্পন্ন করেন।
জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান নিহত দুই পরিবারের বাসায় গিয়ে স্বজনদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এবং গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমসহ স্থানীয় নেতারা।
পরবর্তীতে তিনি সাঘাটার বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার প্রতিবাদ’ শীর্ষক বিশাল জনসভায় যোগ দেন।