August 12, 2026, 8:47 pm

মুক্তি পাওয়া ৪ আওয়ামী নেতাকে বরণ করতে গিয়ে আটক ৪ কর্মী

মুক্তি পাওয়া ৪ আওয়ামী নেতাকে বরণ করতে গিয়ে আটক ৪ কর্মী

নোয়াখালী সদর উপজেলায় জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে চার কর্মী আটক হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), মো. ফারুক হোসেন (১৮) ও মো. নাজিম (১৮)। পুলিশ জানিয়েছে, তারা আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন জুমার নামাজের পর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন হাজার নেতা-কর্মী অংশ নেন। ওই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে।

এসব ঘটনায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাদের মধ্যে চারজন জামিনে মুক্তি পান। তাদের বরণ করতে দলটির কয়েকজন কর্মী ফুলের মালা নিয়ে জেলা কারাগারের ফটকে অবস্থান নেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

ওসি মো. নজরুল ইসলাম বলেন, স্বজনেরা ফুলের মালা নিয়ে আসতে পারেন, তবে আটক ব্যক্তিরা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয় নন। পুলিশ জানতে পেরেছে, তারা বিভিন্ন এলাকা থেকে এসে ছবি তুলে শোডাউন করতে চেয়েছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা