সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরো দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ১৮ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৭১ জন রোগী ভর্তি রয়েছেন। এ নিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে রয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৮ মাস বয়সী আয়ান আহমদ, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ বছর ৪ মাস বয়সী মো. এহসানুল এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বর্ণা রাণী দাস।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮২৭ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ২৭১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন এবং অন্যান্য হাসপাতালে বাকিরা ভর্তি রয়েছেন।