২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়েছে। ফাইনালের পর দলের অভিজ্ঞ খেলোয়াড়দের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই তালিকায় যুক্ত হয়েছেন আর্জেন্টিনার লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকো।
৩৩ বছর বয়সী তালিয়াফিকো জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই সম্ভবত তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তিনি আরেকটি বিশ্বকাপে খেলার মতো শারীরিক সামর্থ্য নিজের মধ্যে দেখছেন না। স্ত্রী কারো ক্যালভানির সঙ্গে আলাপের সময় তিনি বলেন, এবারের বিশ্বকাপকে তিনি অন্য যেকোনো আসরের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছেন।
তালিয়াফিকোর ভাষায়, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপটিকে আমি অনেক বেশি গুরুত্ব দেব। হয়তো এর কারণ এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ।’ তবে তিনি এখনও নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।
বিশ্বকাপে ১৭টি ম্যাচ খেলা তালিয়াফিকো দেশের হয়ে বিশ্বকাপ ম্যাচ খেলার সংখ্যায় সপ্তম অবস্থানে রয়েছেন। জাতীয় দলের হয়ে ৮৩ ম্যাচ খেলা এই ডিফেন্ডার ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করতে চান, তবে তা কঠিন মনে করছেন।
বিশ্বকাপ শেষে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তালিয়াফিকো বলেন, ‘আমাদের ইতোমধ্যে স্বর্ণপদক আছে। ধারাবাহিকভাবে ফাইনাল খেলা এবং দুটি পদক জেতা সহজ ব্যাপার নয়।’
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ দিয়ে ২০৩০ বিশ্বকাপের নতুন চক্র শুরু করবে আর্জেন্টিনা। সেই যাত্রায় বর্তমান দলের কতজন খেলোয়াড় থাকবেন, সেটিই এখন দেখার বিষয়।