সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ৫৬৫ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়িক মন্দার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে একটি নোটিশে ছাঁটাইয়ের বিষয়টি জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন কারণে কারখানায় মারাত্মক ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, ব্যাংকিং আর্থিক সহযোগিতা না পাওয়া এবং কাজের স্বল্পতার কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই কারখানার অস্তিত্ব রক্ষা ও ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখার জন্য অতিরিক্ত শ্রমিক হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ধারা ২০ অনুযায়ী, ছাঁটাইকৃত শ্রমিকদের আইনগত পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধ করা হবে। এছাড়া, আগামী এক বছরের মধ্যে কাজের পরিধি বৃদ্ধি পেলে ছাঁটাইকৃত শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় নিয়োগের সুযোগ দেওয়া হবে।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জাঈম আহমেদ জানিয়েছেন, অর্ডার ও কাজের অভাবের কারণে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পরিচালক মমিনুল ইসলাম বলেন, গ্যাস সংকট ও কার্যাদেশের অভাবের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।