August 8, 2026, 7:32 am

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৭ বছর বয়সী বাউল শিল্পী পেহেলি ভৈরবী

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৭ বছর বয়সী বাউল শিল্পী পেহেলি ভৈরবী

সিলেটের বিশ্বনাথে একটি মাজারের মাসিক অনুষ্ঠানে গান পরিবেশন শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার (৭ আগস্ট) সড়ক দুর্ঘটনায় মারা যান ১৭ বছর বয়সী বাউল শিল্পী পেহেলি ভৈরবী। তিনি কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পেহেলি ভৈরবী বৃহস্পতিবার হযরত ছাবাল শাহর (রহ.) মাজারে বাবার সঙ্গে এসে গান গেয়েছিলেন। অনুষ্ঠান শেষে তিনি বাবার সঙ্গে বাসে করে কিশোরগঞ্জের ভৈরবের গ্রামের বাড়িতে ফিরছিলেন। কিন্তু দুর্ঘটনার কারণে তার বাড়ি ফেরা হয়নি।

দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে পেহেলি ভৈরবী একজন। সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও বেঙ্গল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।

পেহেলি ভৈরবীর মৃত্যু গানের আসরের অনেক শ্রোতাকে শোকাহত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গানের প্রশংসা করে স্মরণ করছেন অনেকে। বিশ্বনাথের বাসিন্দা আবুল হোসেন বলেন, “আমি গানের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তার বেশ কিছু ভিডিও ধারণ করেছি। সকালে শুনি তিনি মারা গেছেন। খুব খারাপ লাগছে শিল্পীর জন্য।”

দুর্ঘটনায় নিহত অন্যান্যদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার সাইফুল ইসলাম (৫০), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ফাইজা (৩), প্রিতম (২২), আবুল হোসেন (৪৪), আরমান (১৯), সৌরভ (৩৯), ইমন এবং রুবেল সুত্রধর (৩৭)।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা