August 19, 2026, 4:02 pm

জামালপুরে জীবদ্দশায় চল্লিশার আয়োজন, দুই হাজার গ্রামবাসীকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরে জীবদ্দশায় চল্লিশার আয়োজন, দুই হাজার গ্রামবাসীকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলাম উপজেলার পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামের বৃদ্ধ আব্দুস সামাদ (৭০) বুধবার (৫ আগস্ট) নিজ বাড়িতে দুই হাজারের অধিক মানুষের জন্য চল্লিশার আয়োজন করেন। তিনি মৃত শুকর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম (নুর) জানান, সামাদ আলী এলাকার একজন বিত্তশালী কৃষক। তার সংসারে ৩ মেয়ে ও ৪ ছেলে রয়েছে। তিনি বলেন, সামাদ চিন্তা করেন নিজের জমিজমা ভাগ-বাটোয়ারা করে দেওয়ার পর সন্তানরা যদি চল্লিশা না করে, তাই তিনি জীবিত অবস্থায় চল্লিশার আয়োজন করার সিদ্ধান্ত নেন।

নুরুল ইসলাম আরও জানান, পরিবারের সঙ্গে আলোচনা করে সামাদ চল্লিশার আয়োজন করেন। তিনি কয়েক দিন ধরে লোকজনকে দাওয়াত দেন। বুধবার দুপুরে বাড়িতে সামিয়ানা টানিয়ে দুই হাজারের অধিক নারী-পুরুষকে খাওয়ানো হয়।

দাওয়াত খেতে আসা আব্দুল কদ্দুস বলেন, জীবিত ব্যক্তি নিজের চল্লিশার আয়োজন করা একটি ব্যতিক্রম ঘটনা। তিনি তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করেন।

সামাদের ছেলে সামিউল জানান, বাবার ইচ্ছায় এ আয়োজন করা হয়েছে এবং পরিবারের সকলের সম্মতি ছিল। মেয়ে সাজেদা বলেন, বাবার সন্দেহ দূর করতেই এ আয়োজনে সবার সম্মতি ছিল।

বৃদ্ধ সামাদ আলী বলেন, তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং নামাজ ছাড়া তেমন কোনো কাজ করেন না। চল্লিশার জন্য তিনি এক লাখ ২০ হাজার টাকার দুটি গরু এবং ২০ হাজার টাকার একটি খাসি কিনেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা