কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়ের শ্বশুরবাড়ির অনুষ্ঠানে যাওয়ার অস্বীকৃতির জেরে সংঘর্ষে মো. আবুল বাশার (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ের শ্বশুর, শাশুড়ি ও ননদের জামাইকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, আবুল বাশারের অন্তঃসত্ত্বা মেয়ে ময়না আক্তারের গর্ভধারণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে মেয়ের শ্বশুরবাড়ির তিন সদস্য আবুল বাশারের বাড়িতে আসেন। তবে একই দিনে ভাতিজার বিয়ের অনুষ্ঠান থাকায় তিনি দাওয়াতে যেতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মেয়ের শ্বশুর আব্দুল মতিন তার গলা চেপে ধরেন এবং বুকে ঘুষি মারেন।
এ সময় শাশুড়ি রোজিনা বেগম ও ননদের জামাই মো. হৃদয়ও তাকে মারধর করেন বলে অভিযোগ করেছে পরিবার। গুরুতর আহত অবস্থায় আবুল বাশারকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহতের স্ত্রী ঝরনা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার মেয়েকে নির্যাতন করা হচ্ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।