ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডার জেরে এক সদস্যের গুলিতে দুই জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন জওয়ান গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এই ঘটনা ঘটে। বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর বৈষ্ণবনগরে অবস্থিত।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুপুরে দুই ব্যাটালিয়নের কয়েকজন জওয়ানের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্র সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। এতে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ান অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭) নিহত হন। আহত হন বিকাশ ব্রহ্ম, যিনি বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত অজয় কুমার সিং বিহারের ছাপরা জেলার এবং আম্বদর সুরেশ দরগু মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার বাসিন্দা। আহত বিকাশ ব্রহ্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।