বরিশাল জেলা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে একটি নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় ২৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশ। সভায় তাকেই সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মো. আল মামুন (দৈনিক আমাদের সময়) ও মর্তুজা জুয়েল (দীপ্ত টেলিভিশন)। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তন্ময় তপু (দৈনিক আগামীর সময়) এবং এস. এন. পলাশ (দৈনিক যুগান্তর)।
সাধারণ সভায় বক্তারা বলেন, বরিশালে সাংবাদিকদের একাধিক সংগঠন থাকলেও পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এ কারণে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হয়রানি, হামলা বা নির্যাতনের ঘটনায় সংগঠনটি দ্রুত ও কার্যকর ভূমিকা পালন করবে। তারা বরিশালের সিনিয়র সাংবাদিক, সকল গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সহযোগিতা নিয়ে সাংবাদিকবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।