July 29, 2026, 8:14 am

ভোলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

ভোলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপার চেষ্টা ও মারধরের অভিযোগে সাবেক ইউপি সদস্য মো. বাচ্চু (৫০)কেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মহিউদ্দিন হাসাননগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাচ্চু হাসাননগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। বুধবার (২২ জুলাই) দুপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর দাদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, যেখানে মহিউদ্দিনকে প্রধান আসামি ও বাচ্চুকে দ্বিতীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই স্কুল ছুটির পর মহিউদ্দিন শিশুটিকে বিদ্যালয়ের তৃতীয় তলায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে তিনি শিশুটিকে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন এবং ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেন।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর সাবেক ইউপি সদস্য বাচ্চুকে জানান। তিনি সমাধানের আশ্বাস দিলেও পরে ১০ হাজার টাকায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগীর পরিবার এতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা