রংপুরে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন ইস্যুতে নেসকো রংপুর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলীসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহানগর নাগরিক কমিটি। বুধবার (২২ জুলাই) দুপুরে রংপুর সিনিয়র সহকারী জজ সদর আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলার বিবাদীদের মধ্যে রয়েছেন নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছাদ্দেক কবির, শরিফুল ইসলাম, মোস্তাফিজার রহমান ভূঁইয়া, হিসাব শাখার ব্যবস্থাপক কানিজ ফাতেমা এবং মোকাবিলা বিবাদী হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ সাংবাদিকদের জানান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, নতুন বিদ্যুৎ সংযোগ ও নষ্ট পোস্ট-পেইড মিটারের ক্ষেত্রে প্রি-পেইড মিটার স্থাপন আবশ্যক। তবে নেসকো কর্তৃপক্ষ এই আদেশ অমান্য করে পোস্ট-পেইড মিটার খুলে জোরপূর্বক প্রি-পেইড মিটার স্থাপন করছে।
তিনি আরও জানান, রংপুর ও রাজশাহীতে ২০২২ সালের পহেলা জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন মেয়াদে সাড়ে ৯ লাখ প্রি-পেইড মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গ্রাহকরা এই বিষয়ে আন্দোলন করলেও কর্তৃপক্ষ সেদিকে নজর দিচ্ছে না।
মহানগর নাগরিক কমিটির আহ্বায়ক মোজাহার আলীসহ অন্যান্য সদস্যরা মামলার সময় উপস্থিত ছিলেন।