July 22, 2026, 3:10 pm

নওগাঁতে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁতে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁর একাধিক উপজেলা থেকে চুরি হওয়া ৫টি গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) বিকেলে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার গোলাম রাব্বানী (৩৯), নাটোরের সিংড়া উপজেলার সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) এবং সুচন্দন রাজবংশী ওরফে সজল (২৭)। এর আগে একই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, ফলে চক্রটির মোট ছয় সদস্য পুলিশের হাতে ধরা পড়েছে।

পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহে নওগাঁর বিভিন্ন এলাকায় একের পর এক গরু চুরির ঘটনা ঘটে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, রানীনগর থানা পুলিশ এবং র‍্যাবের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়।

গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গত ১৪ জুলাই অভিযানে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) রাতে বগুড়ায় অভিযান চালিয়ে গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়। পরে নাটোরের সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে সুজিত ও সুচন্দনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, চক্রটির সদস্য সংখ্যা মোট আটজন। তারা একটি পিকআপ ভ্যান নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে সম্ভাব্য টার্গেট নির্ধারণ করত। এখনো দুই সদস্য পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা