August 27, 2026, 3:54 pm

দেশের সব মাদ্রাসায় ফুটবল দল গঠনের নির্দেশনা

দেশের সব মাদ্রাসায় ফুটবল দল গঠনের নির্দেশনা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দেশের প্রতিটি মাদ্রাসায় 'প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬' উপলক্ষে চারটি করে ফুটবল দল গঠনের নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা আয়োজন এবং নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

গত মঙ্গলবার (২১ জুলাই) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। একই দিন দেশের সব এলাকায় টুর্নামেন্টের খেলা শুরু হবে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে দাখিল (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল এবং আলিম (প্রথম ও দ্বিতীয় বর্ষ) পর্যায়ে একটি ছাত্র ও একটি ছাত্রী দল গঠন করতে হবে। ফলে প্রতিটি মাদ্রাসায় মোট চারটি ফুটবল দল থাকতে হবে।

এছাড়া, গঠিত দলগুলোর জন্য অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা এবং সুস্থ জীবনধারা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সব প্রতিষ্ঠানে ফুটবল দল গঠন করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে registrar@bmeb.gov.bd ই-মেইল ঠিকানায় সংশ্লিষ্ট তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীদের টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা