July 21, 2026, 7:15 am

নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

সাংবাদিকতা, আইন পেশা ও নাগরিক আন্দোলনে দীর্ঘদিনের অবদানের জন্য পরিচিত নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক নেতা ও আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম আজ ৬৯ বছরে পা রাখলেন।

১৯৫৮ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন তিনি। দৈনিক খবরের পাতা_ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের গণমাধ্যম অঙ্গনে নেতৃত্ব দিয়ে আসছেন।

শিক্ষা ও পেশাজীবনে
নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া প্রাইমারি স্কুল ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা শুরু। পরে জয়গোবিন্দ হাইস্কুল থেকে এসএসি এবং সরকারি তোলারাম কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এলএলবি শেষ করে ১৯৮৭ সালে নারায়ণগঞ্জ আদালতে আইন পেশায় যোগ দেন। একইসঙ্গে ৪৬ বছরের সাংবাদিকতা জীবনে _দৈনিক আজকের কাগজ_, _দৈনিক ভোরের কাগজ_ ও ঢাকার বিভিন্ন দৈনিক পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৩৪ বছর ধরে _দৈনিক খবরের পাতা_র প্রকাশক ও সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডে
ছাত্রজীবন থেকেই সামাজিক আন্দোলনে সক্রিয় মাহবুবুর রহমান মাসুম।তিনি তোলারাম কলেজে পড়াকালীন জেলা ছাত্রলীগ [জাসদ]-এর সাধারণ সম্পাদক ছিলেন। তোলারাম কলেজকে সরকারিকরণের আন্দোলনেও নেতৃত্ব দেন তিনি।

স্কাউট আন্দোলনের সঙ্গেও দীর্ঘদিন জড়িত। কাব স্কাউট থেকে শুরু করে রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট, ১৯৮৬ সালে স্থানীয় স্কাউটের সম্পাদক, নয় বছর উপজেলা স্কাউট কমিশনার এবং ঢাকা বিভাগের আঞ্চলিক উপকমিশনারের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা স্কাউটসের সহ-সভাপতি।

খেলাধুলায়ও রয়েছে তার অবদান। ১৬ বছর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। বর্তমানে জেলার প্রথম বিভাগ ফুটবল লিগে অংশ নেওয়া নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সভাপতির দায়িত্ব পালন করছেন।

শিক্ষা বিস্তারে আদর্শ বালিকা বিদ্যালয়ের কলেজ শাখার অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। তিনবার পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে নারায়ণগঞ্জ আইন কলেজের গভর্নিং বডির সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন [বাপা] নারায়ণগঞ্জের সভাপতি, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা [দক্ষিণ] বিভাগের সমন্বয়কারী এবং ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

সন্ত্রাসবিরোধী আন্দোলন, বাসভাড়া কমানোসহ নাগরিকদের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এই প্রবীণ সাংবাদিক ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুম। আজ এডভোকেট মাহবুবুর রহমান মাসুম এর জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার শুভাকাঙ্ক্ষীরা জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। এবং মাহবুবুর রহমান মাসুম ৬৯তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা