July 18, 2026, 11:46 pm

নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে আজ শনিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি আয়োজিত এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান।

ফাইনাল খেলায় স্থানীয় তরুণ ফুটবলারদের মনোমুগ্ধকর পারফরম্যান্স উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করেন ক্রীড়ামোদী দর্শক, ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তরুণদের খেলা দেখে দর্শকরা বারবার করতালি দিয়ে তাদের উৎসাহিত করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। তিনি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত হলে তাকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আলিনুর খান ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খান,নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নামে এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটবে। পাশাপাশি তরুণদের মেধা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন ক্লাবের অনূর্ধ্ব-১৭ দল অংশ নেয়। ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামলেও তরুণ ফুটবলারদের মাঝে যে উৎসাহ তৈরি হয়েছে তা দীর্ঘদিন থাকবে বলে আয়োজকরা মনে করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা