লালমনিরহাট জেলা প্রতিনিধি :
বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় সভাপতি ও বাংলাদেশ প্রেস ক্লাব, লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক নেতা এবং সকলের প্রিয় মুখ জনাব এস. আর. শরিফুল ইসলাম (রতন) ও তাঁর স্নেহের নাতির একই দিনে জন্মদিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী শুভেচ্ছা অনুষ্ঠান।
বিরল এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে গত ১৭ জুলাই বাংলাদেশ প্রেস ক্লাব, লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে লালমনিরহাট এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয় কেক কাটা ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে পরিবারের সদস্যবৃন্দ, সংবাদকর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন ও উৎসবমুখর মিলনমেলায়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগঠনের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট প্রেস ক্লাবের সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ দাদা ও নাতির একই দিনে জন্মদিন হওয়াকে সৃষ্টিকর্তার এক বিরল নিয়ামত হিসেবে অভিহিত করেন। তাঁরা তাঁদের বক্তব্যে এই ব্যতিক্রমী ঘটনার তাৎপর্য তুলে ধরে উভয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, একই দিনে দাদা ও নাতির জন্মদিন নিঃসন্দেহে এক বিরল ঘটনা। এটি শুধু পারিবারিক আনন্দের বিষয় নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসা, শ্রদ্ধা ও মানবিক বন্ধনের এক অনন্য নিদর্শন।
অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এস. আর. শরিফুল ইসলাম (রতন) উপস্থিত সকল শ্রদ্ধাভাজন অতিথি, সহকর্মী, সংবাদকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া এবং আন্তরিক উপস্থিতি আমাকে আগামী দিনের পথচলায় আরও বেশি অনুপ্রাণিত করেছে। এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারব না। মহান আল্লাহ তাআলার কাছে আমি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করি।”
অনুষ্ঠান শেষে তাঁকে বানভাসা মোড়ে অবস্থিত সামাজিক সংগঠন “ফ্রেন্ডশিপ ক্লাব”-এ আমন্ত্রণ জানানো হয়। সংগঠনটির সম্মানিত উপদেষ্টা হিসেবে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ক্লাবের সদস্যবৃন্দ। এ সময় তাঁরা দাদা ও নাতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করেন।
ভালোবাসা, শ্রদ্ধা ও মানবিকতার এই ব্যতিক্রমী আয়োজন উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। একই দিনে দাদা ও নাতির জন্মদিন উদযাপন নিঃসন্দেহে লালমনিরহাটের সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।