সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট না চাওয়ার কথা জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, তবে এমন সুবিধা দেবো না যা সরকারের বদনাম করে।”
শুক্রবার সকাল সাড়ে ১০টায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, “একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে তা তার ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু সরকারের উপর যে কালিমা লিপ্ত হবে, তা সরকার নেবে না।”
মন্ত্রী আরও বলেন, “অপরাধী সে দলের (বিএনপি) যত বড়ই নেতা হোক না কেন, তার পরিচয় সে অপরাধী। আমরা এমন কোনো সুবিধা দেবো না, যাতে দলের (বিএনপি) ভাবমূর্তি ক্ষুন্ন হয়।”
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “এই হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট। আমরা চেষ্টা করছি শয্যা সংখ্যা বাড়ানোর এবং উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার।”
সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।