ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সহিংসতা, জনদুর্ভোগ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে বিশ্বকাপ প্রদর্শনী ও উদযাপনের সময় নির্ধারণ, আতশবাজি ও লাউড স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন এবং রাত ১১টার পর অবৈধ উচ্চ শব্দ ও আতশবাজি বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম এই রিট আবেদন করেন। তিনি জানান, পত্রিকার খবর অনুসারে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এ পর্যন্ত ১১ জন মারা গেছেন। উচ্চ শব্দে আতশবাজি ফুটিয়ে উদযাপন করায় শিশু ও বৃদ্ধসহ জনসাধরণের ঘুমে ব্যাঘাত ঘটে।
রিটে ‘বিশ্বকাপ উন্মাদনায় প্রাণ গেছে ১০ জনের’ শীর্ষক একটি প্রতিবেদন সংযুক্ত করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বকাপ ফুটবল ঘিরে দুনিয়াজুড়ে উন্মাদনার ঝড় বইছে। বাংলাদেশে খেলার সুযোগ না পেলেও উত্তেজনা কম নেই। জনপ্রিয় দলগুলোর সমর্থকরা মাঝে মাঝে সংঘাতের সৃষ্টি করছেন।
তথ্য অনুযায়ী, এবারের বিশ্বকাপের কারণে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৪৫ জন।
ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, যেখানে বড়পর্দায় খেলা দেখানো হবে, সেখানে ডিবি নজরদারি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক বলেন, খেলা বিনোদনের অংশ, তবে জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতায় ঘাটতি রয়েছে।
এছাড়া কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম (৩২) নামের এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।