আফগানিস্তান ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান মঙ্গলবার (৭ জুলাই) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮ বছর।
শাপুর দীর্ঘদিন ধরে বিরল রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিসে ভুগছিলেন। তিনি ভারতের দিল্লি-এনসিআর এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বছরের অক্টোবর মাসে প্রথম অসুস্থ হয়ে পড়ার পর উন্নত চিকিৎসার জন্য ভারতে যান তিনি।
২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শাপুর। তিনি আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার বোলিং দক্ষতা ও লড়াকু মানসিকতার জন্য পরিচিত ছিলেন।
শাপুরের মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গভীর শোক প্রকাশ করেছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, শাপুরের অবদান ও অর্জন আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।