July 7, 2026, 9:39 am

পঞ্চগড়ে সরকারি বই বিতরণে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে

পঞ্চগড়ে সরকারি বই বিতরণে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সরকারের বিনামূল্যে দেওয়া পাঠ্যবই বিতরণে ঘুষ ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক ও পরিচালকদের দাবি, সরকারি বই পেতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে।

জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে দেবীগঞ্জ উপজেলায় ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালিকাভুক্ত ৩৫টি কিন্ডারগার্টেনে মোট ১ লাখ ৪০ হাজার ১৫৪টি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। তবে বেশ কয়েকটি কিন্ডারগার্টেনের শিক্ষক অভিযোগ করেন, বই পাওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে টাকা দিতে হয়েছে।

শিক্ষকদের অভিযোগ, জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে না পারলে অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না। ফলে বাধ্য হয়ে তারা অর্থের বিনিময়ে বই সংগ্রহ করেছেন। প্রতিবছর এভাবে অতিরিক্ত অর্থ ব্যয় করতে গিয়ে অনেক প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ছে।

দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বই বিতরণে কোনো ধরনের অনিয়ম বা অর্থ লেনদেনের ঘটনা ঘটেনি। অন্যদিকে, অভিযোগে নাম আসা চুক্তিভিত্তিক কর্মচারী বাবুও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা