কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামে যুবদল নেতার বিরুদ্ধে প্রতিবেশীর জমিতে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জরিনা বেগম ১০ এপ্রিল ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং জেলা প্রশাসকের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে স্থানীয় আওয়াল মিয়ার ছেলে হান্নান মিয়া নতুন ভবন নির্মাণ করছেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা মাধবপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি। অভিযোগে উল্লেখ করা হয়েছে, মামলাভুক্ত জমিতে নির্মাণকাজ চলমান থাকায় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, বিষয়টি সমাধানের জন্য এসিল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে।
জমির তফসিল অনুযায়ী, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা মৌজার ৪৪ শতক জমি নিয়ে বিরোধ চলছে। মামলার নথি অনুযায়ী, হাইকোর্টের নির্দেশে নতুন নির্মাণকাজ নিষিদ্ধ করা হয়েছে, তবে অভিযুক্তরা তা উপেক্ষা করে নির্মাণকাজ শুরু করেছেন।
ভুক্তভোগী জরিনা বেগম বলেন, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না থাকায় তিনি ডিসির কাছে পৃথক অভিযোগ দাখিল করেছেন। যুবদল নেতা হান্নান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তারা তাদের জায়গায় কাজ করছেন। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।