ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে রিয়ামনি (৮) ও ইলমা (৪) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের সুলতান মিয়ার মেয়ে।
রিয়ামনি স্থানীয় বীর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিদ্যালয় থেকে ফিরে রিয়ামনি ছোট বোন ইলমাকে নিয়ে পুকুরের পাড়ে যায়। সেখানে ইলমা কাঁদায় পড়ে গেলে রিয়ামনি তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু দুজনই ডুবে যায়। এই ঘটনার সময় সেখানে উপস্থিত আট বছরের সুমাইয়া বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
স্বজনরা দ্রুত পুকুরপাড়ে গিয়ে রিয়ামনিকে ভাসতে দেখে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ ছোট বোন ইলমাকে উদ্ধার করতে স্থানীয়রা চেষ্টা করলেও সফল হয়নি। পরে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানায়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৪৫ মিনিটের চেষ্টায় পুকুর থেকে ইলমার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
দুই সন্তানকে হারিয়ে মা নার্গিস বারবার মূর্ছা যাচ্ছেন এবং বিলাপ করে বলেন, ‘আমার বুকের ধন দুইটা পুকুরের পানিতে ডুবে মারা গেল। রিয়ামনি স্কুল থেকে এসে প্রাইভেট পড়তে যাওয়ার কথা ছিল। ছোটটা পানিতে তলিয়ে যাওয়ার সময় বড় মেয়ে তুলতে গিয়ে সেও ডুবে গেল। আমি এখন কী নিয়ে বাঁচব!’