November 25, 2026, 7:13 am

ভৈরবের কচুরিপানায় ডাক্তারের টান, শত কোটি টাকার স্বপ্নে ভাঙন!

ডাক্তার আপা, ডাক্তার আপা,
এ কী করলেন হায়!
রোগীর সেবা ছেড়ে কেন
নদীর বুকে যান?
স্টেথোস্কোপ ফেলে রেখে
হাতে নিলেন ঘাস,
একটি লতায় টান দিয়েছেন—
নিভল কত আশ!
আপনি কি আর বোঝেন আপা,
এ যে স্রেফ ঘাস নয়,
কচুরিপানার প্রতিটি পাতায়
কত সম্ভাবনাময় ক্ষয়!
ওই যে নদীর বুকজুড়ে
সবুজ যে আস্তরণ,
তার নিচে যে কত প্রকল্পের
স্বপ্ন বোনা জীবন!
কত ফাইলের জন্ম হতো,
কত নথির ভার,
কত সভায় বক্তৃতা দিয়ে
বাড়ত পদমর্যাদার!
প্রথমে হতো তদন্ত কমিটি,
তারপর উপকমিটি,
কমিটিরও কার্যবিবরণী—
কত আয়োজনের নীতি!
চা-নাশতা আর আপ্যায়নে
বাজেট হতো ভারী,
পরামর্শকের পরামর্শে
সমাধান হতো জারি!
কচুরিপানা তুলতে নাকি
প্রশিক্ষণও চাই,
দশজন মিলে বিদেশ গিয়ে
অভিজ্ঞতা নিয়ে আয়!
কোন দেশে কীভাবে নাকি
তোলা হয় এই ঘাস,
গবেষণার নামে চলত
সরকারি টাকার চাষ!
তারপর হতো নীতিগত
সিদ্ধান্তের আয়োজন,
নদী সংস্কার, খাল সম্প্রসারণ—
বাজেটের নতুন প্রজনন!
দরপত্রের নাটক হতো,
ঠিকাদারের হাঁক,
কার ভাগ্যে কোন কাজ জুটবে
চলত গোপন পাক!
ঢাকা থেকে নেতা এসে
তুলতেন একটি পাতা,
ফিতা কেটে উদ্বোধনে
হতো উৎসব-বারতা!
ব্যানার, মঞ্চ, মাইকিং, আলোর
কী বাহারি আয়োজন,
একটি পাতা তোলার আগে
কোটি টাকার বিনিয়োগ!
তারপর আবার দলীয় উৎসব,
চাঁদার মহোৎসব,
কচুরিপানার কল্যাণে
কারও ভাগ্য উৎসব!
সব মিলিয়ে দুই-তিনশ কোটি
হিসাবের খাতায় আসত,
কিন্তু নদীর বুকের ময়লা
কবে যে সরত—কে জানত!
সেইখানে আপনি আপা
নামলেন একাই জলে,
একটি করে পাতা তুলতে
বললেন সবাইকে বলে!
ছত্রিশ লাখ যশোরবাসী
একটি পাতা তুলুক,
এক বেলাতেই ভৈরব নদ
আবার প্রাণ ফিরে পাক!
এ যে মহা অপরাধ আপা,
বুঝলেন না কি তাই?
এত মানুষের পেটের ওপর
এভাবে লাথি মারেন ভাই!
যাদের পেশা ফাইল চালানো,
যাদের কাজ সভা,
যাদের রুজি প্রকল্প ঘিরে—
তাদের কী হবে ভাবা?
যাদের স্বপ্ন বরাদ্দ ঘিরে,
যাদের জীবন বিল,
আপনার এই সরল কাজে
বন্ধ হলো কত মিল!
তবু একটা প্রশ্ন রাখি
যশোরবাসীর তরে—
নদী কি শুধু প্রকল্প হবে,
নাকি বাঁচবে সত্যি করে?
ভৈরব কি ড্রেন হয়েই
থাকবে অনন্তকাল?
দখল, দূষণ, বর্জ্যের চাপে
হারাবে কি তার চাল?
নদীর বুকে কচুরিপানা,
পাড়ে মানুষের হাহাকার,
অথচ নদী বাঁচানোর নামে
কত আয়োজনের বাহার!
ডাক্তার আপা, সাবধান থাকুন,
এ পথে বিপদ আছে,
নদী যদি সত্যিই বাঁচে
অনেকেরই ক্ষতি বাঁচে না!
তবে যশোরের মানুষ চায়,
ভৈরব ফিরে পাক প্রাণ,
নদীর বুকে বইুক আবার
স্বচ্ছ জলের গান।
আমরা চাই না ফাইলের পাহাড়,
চাই না লোকদেখানো মেলা,
চাই না কোটি টাকার প্রকল্প
বছরের পর বছর খেলা।
চাই নদীর স্বাভাবিক গতি,
চাই দূষণের অবসান,
চাই দখলমুক্ত ভৈরব নদ—
এটাই জনগণের দাবি ও সম্মান।
শেষ কথা—
ডাক্তার আপা, আপনি কেন
করলেন এমন কাজ?
কচুরিপানায় হাত দিয়ে যে
ভাঙলেন কত সাজ!
আল্লাহ সইবেন কি না জানি না,
তবে মানুষ বলবে আজ—
নদী বাঁচানোর অপরাধে
কার পেটে পড়ল লাথি আজ?

জেমস আব্দুর রহিম রানা

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা