July 4, 2026, 3:27 pm

সিরাজগঞ্জে জামায়াতের রাজপথে থাকার ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে

সিরাজগঞ্জে জামায়াতের রাজপথে থাকার ঘোষণা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি শনিবার (৪ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে কেন্দ্র ঘোষিত ১১ দলীয় ঐক্যের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে এ কথা বলেন।

মাওলানা শাহীনুর আলম বলেন, "জুলাই গণঅভ্যুত্থান এ দেশের মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের পথ উন্মুক্ত করে দিয়েছে। তাই গণভোটে জনগণের দেওয়া রায়কে সম্মান জানাতে হবে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। গণরায়ের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।"

সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, এনসিপি সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সেক্রেটারি মুফতি মাওলানা আমজাদ হোসেন এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার স্টেশন এলাকা থেকে বের হয়ে মুজিব সড়ক, চৌরাস্তা ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশন চত্বরে এসে শেষ হয়। এতে জেলা জামায়াত, ছাত্রশিবির এবং ১১ দলীয় ঐক্যের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা