৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এই ঘটনা স্থানীয়দের মধ্যে গর্বের অনুভূতি সৃষ্টি করেছে এবং এটি উখিয়া উপজেলার ইতিহাসে একটি বিশেষ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
সুপারিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রাজাপালং ইউনিয়নের উখিয়া সদর (৫ নম্বর ওয়ার্ড) এলাকার প্রয়াত মাস্টার ছৈয়দুর রহমানের ছেলে সাইমুম শারিক হিমেল, যিনি শিক্ষা ক্যাডারের (ইংরেজি) জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া কুতুপালং (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মাস্টার সামশুল আলমের ছেলে আরিফুল ইসলাম পরিসংখ্যান ক্যাডারে, পাতাবাড়ী (৯ নম্বর ওয়ার্ড) এলাকার হাফেজ মো. আবুল কাশেমের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মৎস্য ক্যাডারে এবং মধ্য রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দা শিরিন আখতারের কনিষ্ঠ সন্তান ইসফার সাঈফ আরিক পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এই চারজনের সাফল্যে রাজাপালং ইউনিয়নজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে। স্বজন, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের এই অর্জন নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
শিক্ষক, শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, রাজাপালংয়ের এই চার কৃতী সন্তানের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি পুরো উখিয়া উপজেলার জন্য গর্বের একটি মাইলফলক। তাঁদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে আরও অনুপ্রাণিত করবে।
স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনেও উখিয়ার মেধাবী তরুণ-তরুণীরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে উপজেলার সুনাম আরও সমৃদ্ধ করবেন।