দীর্ঘ দুই বছর পর ৩ জুলাই থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় ১ লাখ ৪০ হাজারের বেশি বাংলাদেশি আবেদন করেছেন। এই পরিস্থিতিতে, ঢাকার ভারতীয় হাইকমিশন ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
শুক্রবার দুপুরে হাইকমিশন একটি বার্তায় জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়া তাদের উৎসাহিত করেছে।
বার্তায় উল্লেখ করা হয়, তারা ভিসা পরিষেবা আরও বিস্তৃত করার পাশাপাশি আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তুলতে কাজ করে যাচ্ছে। এই সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
ভারতীয় হাইকমিশন আরও জানায়, তারা ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।