কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের টাকার জন্য নিজের বৃদ্ধা মাকে হত্যা করার অভিযোগে মো. আবু বক্কর সিদ্দিক (৪৬)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাবরিনা নার্গিস এই রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ১১ অক্টোবর চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। আবু বক্কর সিদ্দিক, যিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন, ঘটনার দিন তার ৮০ বছর বয়সী মা মোছা. খায়েরা বেগমের ওপর ক্ষিপ্ত হয়ে জোহরের নামাজের সময় সেজদায় থাকা অবস্থায় তাকে কুড়াল দিয়ে হত্যা করেন।
হত্যার পর স্থানীয়রা আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশে সোপর্দ করেন। চৌদ্দগ্রাম থানায় নিহতের বড় ছেলে মাওলানা আবুল কাশেম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা করে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ডিত করেন।
রায় ঘোষণার পর মামলার বাদী মাওলানা আবুল কাশেম বলেন, তার ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মায়ের ওপর নির্যাতন চালাতেন। তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে দণ্ডিতের সাজা দ্রুত কার্যকরের দাবি জানান। আবু বক্কর সিদ্দিককে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।