August 25, 2026, 11:01 pm

সাভারে ভূমিসেবা পেতে এক ছাতার নিচে সব সুবিধা

সাভারে ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে একটি সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সাভারের প্রস্তাবিত স্থানে পরিদর্শন করেন। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ভূমি মন্ত্রণালয়ের নিজস্ব জায়গায় এই কমপ্লেক্সটি নির্মিত হবে।

সিনিয়র সচিব জানান, এই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। নির্মাণকাজ শেষ হলে বর্তমান উপজেলা ভূমি অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিস একই ভবনে স্থানান্তরিত হবে, যা গ্রাহকদের জন্য ভোগান্তি কমাবে।

পরিদর্শনের সময় সাভারের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন জানান, ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম পুরোদমে চলছে এবং সাধারণ দাবির শতভাগ আদায় সম্পন্ন হয়েছে। সচিব কর্মকর্তাদের নির্দেশ দেন, নাগরিকদের যেন হয়রানির শিকার হতে না হয় এবং দ্রুত সেবা প্রদান করতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের চলমান ডেটা এন্ট্রি কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় সঠিক ডেটা এন্ট্রির কাজ চলছে। ইতোমধ্যে ৮টি জেলায় পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজ চলছে।

পরিদর্শনের শেষে সিনিয়র সচিব আমিনবাজার উপজেলা ভূমি অফিসেও যান এবং সেবার মান ও কর আদায়ের খোঁজখবর নেন। সেখানে লক্ষ্যমাত্রার ৮৮ শতাংশ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে, বাকি ১২ শতাংশ দ্রুত আদায়ের তাগিদ দেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা