প্রতিনিধি :
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্যা মাঝিপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভরতখালী-বরমতাইড় প্যাকেজ-১ প্রকল্পের কাটিং করা বালু বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্পের এই বালু একটি প্রভাবশালী মহল বিভিন্ন স্থানে বিক্রি করছে। তবে কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, প্রকল্প এলাকা থেকে কাকড়া (স্থানীয় পরিবহনযান) গাড়িতে করে নিয়মিত বালু লোড ও পরিবহন করা হচ্ছে। তবে বালু পরিবহনে নিয়োজিত কয়েকজন চালকের সঙ্গে কথা বললে তারা জানান, কার নির্দেশে বালু নেওয়া হচ্ছে কিংবা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে-সে বিষয়ে তারা অবগত নন। তারা শুধু ভাড়ার ভিত্তিতে বালু পরিবহন করছেন বলে জানান।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সম্প্রতি নির্মিত ডান তীর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ব্লক দেবে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।