June 28, 2026, 5:23 pm

জামালপুরে শিশুর মরদেহ উদ্ধার, মাকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা শ্রাবন্তী বেগমকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

রোববার (২৮ জুন) সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক শ্রাবন্তী বেগম ওই এলাকার হুমায়ুন আহমেদের স্ত্রী।

পুলিশ ও নিহত শিশুর স্বজনদের ভাষ্য, প্রায় দুই বছর আগে হুমায়ুন আহমেদের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। রোববার ভোরে আট মাস বয়সী ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন শ্রাবন্তী।

পরবর্তীতে মা-ছেলেকে খুঁজতে শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে শ্রাবন্তীর স্যান্ডেল দেখতে পান প্রতিবেশীরা। পরে পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এরপর পালিয়ে যাওয়ার সময় শ্রাবন্তীকে আটক করে স্থানীয়রা এবং পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত শিশুর স্বজনদের দাবি, পরকীয়াজনিত বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা