June 28, 2026, 1:50 pm

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে লালমনিরহাটজুড়ে শিশুদের নিয়ে মায়েদের উপচে পড়া ভিড়

লালমনিরহাট প্রতিনিধি :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লালমনিরহাটে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রোববার (২৮ জুন) সকাল ৮টায় কার্যক্রম শুরুর আগেই জেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে মায়েদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে উপস্থিতির সংখ্যা আরও বৃদ্ধি পায়।
সরেজমিনে সদর হাসপাতাল, পৌরসভা, রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নির্ধারিত কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে মায়েরা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। স্বাস্থ্যকর্মীরাও সুষ্ঠুভাবে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দিচ্ছেন।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, “ভিটামিন ‘এ’ শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে না, এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলে। পাশাপাশি ডায়রিয়া, নিউমোনিয়া ও হামের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমাতে এবং শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের সচেতনতা এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের ব্যাপক প্রচারণার ফলেই এবারের ক্যাম্পেইনে এত স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে। তাদের বিশ্বাস, এ ধরনের সচেতনতা শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে সকালে লালমনিরহাট সদর হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। এ সময় সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এবার লালমনিরহাট জেলায় ২ লাখ ১১ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা