June 25, 2026, 3:12 pm

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৬

গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলার এক আসামি, ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং একটি পুরোনো চুরি মামলার এক আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাজনৈতিক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সুমিলপাড়া বিহারী কলোনি এলাকা থেকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী আব্দুল মান্নান (৫৬)কে গ্রেপ্তার করা হয়।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহীন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মো. হিমেল, মো. রাজু (২৪) এবং সাজেদা আক্তার (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি পুরোনো চুরি মামলার আসামি সাব্বির ইসলাম (২৮)কেও শিমরাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা