June 21, 2026, 6:44 pm

দুর্গম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ: বিশুদ্ধ পানির জন্য নলকূপ, শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি জনপদে মানবিক সেবার অংশ হিসেবে বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২১ জুন) সকালে লোগাং জোনের উদ্যোগে জগৎ মোহন ত্রিপুরা পাড়ায় একটি নলকূপ স্থাপন করা হয়। একই দিনে ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সীমান্তবর্তী দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং মৌলিক সেবা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে মেডিকেল অফিসার মেজর মো. নাইমুল মুশফিক নাঈম এবং চিকিৎসক ডা. ফজলুল বারী জিহানের তত্ত্বাবধানে শতাধিক অসহায় ও অসুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চাকমা বলেন, “পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও শিক্ষা সহায়তা স্থানীয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারাও বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় সরকারি সেবা পৌঁছে দিতে এমন কার্যক্রম তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও নিরাপদ করে তুলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা