June 17, 2026, 4:08 pm

বকশীগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) উপজেলা হাসপাতালের সামনে অবস্থিত তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ ছাড়পত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার, অনুমোদন ছাড়া ব্লাড ট্রান্সফিউশন কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, শেখ ফরিদ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের এ আকস্মিক অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দালাল চক্রের দৌরাত্ম্য ও ভুল চিকিৎসা প্রতিবেদন নিয়ে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছিলেন। তবে শুধু একদিনের অভিযান নয়, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা