June 15, 2026, 6:52 pm

জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, জব্দ ভেকুর ব্যাটারি ও অকেজো করা হলো দুই মেশিন

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ এবং দুটি এস্কেভেটর (ভেকু) যান্ত্রিকভাবে অকেজো করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ও চন্দনমাড়িয়া এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) রক্ষা এবং অবৈধ পুকুর খনন বন্ধে এ অভিযান চালানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানিয়েছেন, ফসলি জমি রক্ষায় রাতভর প্রশাসনের অভিযান চলমান থাকবে।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান শেষ হওয়ার পর আবারও অনেক এলাকায় রাতের আঁধারে পুকুর খননের কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি, কিছু অসাধু ব্যক্তি বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে পুনরায় ফসলি জমি নষ্ট করার চেষ্টা করছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরপরও কিছু এলাকায় গভীর রাতে পুকুর খননের চেষ্টা করা হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফসলি জমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের দাবি, কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা