মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫জুন) উপজেলার পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক রনী চন্দ্র গোপ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পরিচালিত অভিযানে বিভিন্ন ফার্মেসি পরিদর্শনকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ফুজি মেডিকেল হল ও মা ড্রাগ হাউসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ফুজি মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং মা ড্রাগ হাউসকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ওষুধ বিক্রয় নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।