নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন চাঁদনী হাউজিং এলাকায় গার্মেন্টসের জুট নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবিদ্ধের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে “বেস্ট স্টাইল কম্পোজিট” নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের জুট নামানোকে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ইমরান (১৩) নামে এক মাদ্রাসাছাত্রসহ দুজন গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবুল হাসান রাকিব (২৩)-এর পিতা মো. হোসেন খোকা (৫৩) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে ফতুল্লা থানার এসআই মো. রফিক (পিপিএম) ও এসআই শামীমের নেতৃত্বে একটি দল আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে।
অভিযানের ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল দিবাগত রাত ২টা ১৫ মিনিটে পটুয়াখালীর মহিপুর থানাধীন কুয়াকাটার “গ্র্যান্ড সাফা” হোটেল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. খাইরুল আলম জসিম (৫৩),মো. লিয়ন মাহমুদ আকাশ (২২), মো. মনির হোসেন (৪৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত পলাতক আসামি।
ধৃত আসামিদের সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিনিধি :