August 15, 2026, 11:43 am

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হেডম্যান টিলা এলাকায় বর্ণাঢ্য পথযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ২টায় হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। হেডম্যান টিলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিটি হেডম্যান টিলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানান এবং মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।

র‍্যালিতে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখার সদস্য মো. ইউসুফ আলী, হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মাহাবুব আলম রেজভী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল মান্নান, মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন, পানছড়ির দপ্তর সম্পাদক মো. মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও এলাকাবাসী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদের সভাপতি মো. আনোয়ার হোসেন।

আয়োজকরা বলেন, পবিত্র রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য, মানবতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁর জীবনাদর্শ মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও ন্যায়বোধ জাগ্রত করার অন্যতম অনুপ্রেরণা।

বর্ণাঢ্য এ র‍্যালির মধ্য দিয়ে হেডম্যান টিলা এলাকায় ধর্মীয় আবহের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তাও ছড়িয়ে পড়ে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা